ঘরে অ্যাজবেস্টস (ঢেউটিনের আদলে তৈরি ছাউনি) ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অ্যাজবেস্টসের উড়ন্ত অ্যাশ নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করে। এটি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় ও গবেষণায় প্রমাণিত। এজন্য অ্যাজবেস্টস ব্যবহার নিষিদ্ধ করতে হবে।

গতকাল সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘ঘরে অ্যাজবেস্টসের ব্যবহার: ঝুঁকি ও করণীয়’বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন এ কথা বলেন।

তিনি আরো বলেন, অ্যাজবেস্টসের কারণে ফুসফুস, পাকস্থলী, নারীর ওভারিয়ান বা ডিম্বাশয় ক্যান্সারসহ বিভিন্ন ক্যান্সার হচ্ছে। পৃথিবীর ৬৬টি দেশে অ্যাজবেস্টস ব্যবহার নিষিদ্ধ। সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষ বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরার রোগী বেশি পাওয়া যাচ্ছে। উপকূলীয় এলাকায় অ্যাজবেস্টস ব্যবহার নিষিদ্ধ হওয়া দরকার। এজন্য সচেতনতা বাড়াতে হবে। মানবিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। আলোচনা সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও নাগরিক নেতা মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, গবেষক পাভেল পার্থ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংবাদিক এম কামরুজ্জামান, গোলাম সরোয়ার, মিজানুর রহমান,  রুহুল কুদ্দুস, শরীফুল্লাহ কায়সার সুমন, এম জিল্লুর রহমান, আসাদুজ্জামান, আব্দুল জলিল, পীযূষ বাউলিয়া পিন্টু, আব্দুল হালিম, রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, গাজী মাহিদা মিজান, জাহাঙ্গীর আলম প্রমুখ।  

সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম বলেন, অ্যাজবেস্টস খনি থেকে উত্তোলন হওয়ায় এটিতে ক্যান্সারের ঝুঁকি থেকেই যায়। অ্যাজবেস্টস আমাদের পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা উপকূলের মানুষ অ্যাজবেস্টসের চালের পানি ধরে পান করছে। এ পানি পরীক্ষা-নিরীক্ষা করা খুবই প্রয়োজন।

 তাহলে ক্ষতির মাত্রাটা বোঝা যাবে। বক্তারা অ্যাজবেস্টসের ব্যবহার নিষিদ্ধ করার জোর দাবি জানান।