ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষ নিয়ে 'হাতাহাতি'র ঘটনায় নাঈম কিবরিয়া নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি ইমাউল হক।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, নিহত নাঈম কিবরিয়ার বাড়ি পাবনায়, বয়স আনুমানিক ৩৫ বছর। ঢাকায় মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। নিহত ব্যক্তি এলএলবি পাশ করেছেন।

কী হয়েছিলো- জানতে চাইলে ওসি বলেন, নিহত ব্যক্তির গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লেগেছিলো। তখন তার সঙ্গে মোটরসাইকেল আরোহীদের তর্কাতর্কি-হাতাহাতি হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার জন্য নিহতের অভিভাবকরা এজাহার দায়ের করেছেন। এরপর মামলা হবে। তবে এ ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে এবং সুরতহাল প্রতিবেদন প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন ইমাউল হক।

ওসি বলছেন, এ ঘটনাকে মব বলা যায় না।