দিনাজপুরে জেঁকে বসেছে শীত। বুধবার (৩ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় শীত আরো তীব্র অনুভূত হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুরে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় দিনের চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এছাড়া দৈনিক আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় বাতাসের গড় আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাসের প্রবাহ বাড়ায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা হঠাৎই বেশ বেড়ে গেছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।










