দেশের দুই বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির
পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে তাপপ্রবাহের আওতাও কিছুটা কমতে পারে
বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পবিত্র ঈদুল ফিতর
উদযাপিত হচ্ছে। সকাল থেকে ঢাকার আকাশ রোদেলা। তবে কিছুটা গরম রয়েছে। সকাল ৯টা থেকে
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রাজশাহী ও খুলনা বিভাগের
দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পাবনা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান
এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে
তা প্রশমিত হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।
শুক্রবার আবহাওয়া শুষ্ক এবং শনিবার ময়মনসিংহ ও
সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।










