ঝিনাইদাহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত
আক্তারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চলবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বুধবার (২৯ মে)
ডিএমপি সদরদফতরে ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্র্যাশ (ডিএআরসি) সফটওয়্যার
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে, হত্যার মোটিভ কী এটা এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ভারতীয় পুলিশের কেউই উদ্ধার করতে
পারেনি। এটার যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেফতার
করা যায়নি। তাকে গ্রেফতার করলেই এই হত্যার
মোটিভ জানা যাবে।
তিনি বলেন, আক্তারুজ্জামান শাহিন আমেরিকায় পলাতক। আর যুক্তরাষ্ট্রের
সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই। তবে তাকে ফেরাতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ
চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা করা দরকার তা চেষ্টা
করা হবে। যেহেতু তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন সুতরাং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
দেখা হবে। যদিও আমেরিকার সঙ্গে আমাদের সেই ধরনের চুক্তি নেই। তাই অন্য যেকোনো মাধ্যম
বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে।
সংসদ সদস্য হত্যাকাণ্ডে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তিকে কাজে লাগানো
হবে কিনা জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে
এবং ভারতে যেহেতু ঘটনা ঘটেছে সেখানেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পরিক
আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।










