বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে মাদারীপুর-১ আসনের বাদ পড়া প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসন (শিবচর উপজেলা) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে সন্ধ্যায় শিবচর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনে শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নূরুদ্দিন মোল্লাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

এ ঘোষণার পরপরই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী ও সমর্থকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় টায়ারে অগ্নিসংযোগ করে কামাল জামান মোল্লার (নুরুদ্দিন মোল্লা) মনোনয়ন বাতিলের দাবি করা হয়।

পরে শিবচর হাইওয়ে থানা ও শিবচর থানা পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করেন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহরুল ইসলাম।