রাজধানীর হাজারীবাগে বউবাজার এলাকায় একটি চতুর্থ তলা বিল্ডিংয়ের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ভাতিজি তিন বছর বয়সি অন্তরা।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটলে অচেতন অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মোহাম্মদ হারুন জানান, নিহত রিয়াজ গত পরশুদিন লক্ষ্মীপুর থেকে হাজারীবাগের বউবাজার তার ভাই মোহাম্মদ হৃদয়ের বাসায় বেড়াতে আসে। বিকাল তিনটার দিকে সে তার ভাতিজি অন্তরাকে (৩) ছাদে ঘুরছিল ।

হঠাৎ করে আকাশে মেঘ করলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়, পরে বজ্রপাতে বিকট শব্দে অচেতন হয়ে দু'জনই ছাদে পড়ে থাকে। পরে তাদের দুজনকে উদ্ধার করে রিয়াজকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর শিশু অন্তরা সিকদার মেডিকেলে আইসিইতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরো জানান, নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর জেলার চর রমণী এলাকার মৃত মোহাম্মদ ইউসুফ এর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজ একটি কারখানায় চাকরি করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে ।