চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক, রংপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক যুবক এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত এসব দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: সীতাকুণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বটতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের রামপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. হাসান (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন সিদ্দিক ও সোহাগ নামে দুজন। নিহত হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিবামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, হাসানসহ তিন শ্রমিক সাব-কন্ট্রাক্টর সাইদুল ইসলামের অধীনে শাহবাজপুর ফার্স্ট গেট এলাকায় ছয় লেন ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। শনিবার রাতে কাজ শেষে তারা মোটরসাইকেলে করে বুধন্তী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুরা এলাকায় তাদের মোটরসাইকেলটির সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রংপুর: জেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এসকেএসের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ রংপুর নগরীর পাকপাড়ার আজিজুল ইসলামের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরের দিকে রাশেদ মোটরসাইকেলে করে লালমনিরহাট কাকিনার দিকে যাচ্ছিলেন। তিনি এসকেএসের বাজারের কাছে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওসি আল এমরান বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
মুন্সীগঞ্জ: জেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়ায় এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে চলে আসা এক পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এর আগে রাত সাড়ে ৭টার দিকে হাঁসাড়া ওমপাড়ায় এক্সপ্রেসওয়ের লেনে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরো এক পথচারী নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।’
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ‘এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’










