বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জনগণের গণতন্ত্র হরণ করে নিজেদের লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে খুব শিগগিরই নির্বাচন প্রয়োজন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের উপহার বিতরণ করেন। এর আগে তিনি উপজেলার সুন্দরকাঠী গ্রামে শহীদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছের মতো, যা পেত সবই খেয়ে ফেলতো। বিদেশ থেকে দেশে আনা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটি টাকা তারা পাচার করেছে। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নিজের বাবার জমিদারির মতো মনে করতেন। তিনি নিজে ইচ্ছেমত দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন। এখন ভারত থেকে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগ নেতারা বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দিয়েছেন।’
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে, যেন ফ্যাসিবাদ আবার ক্ষমতায় না ফিরে আসে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ স্বার্থক হবে।’
সভার শুরুতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল বিভাগের ৩১টি শহীদ পরিবারকে উপহার তুলে দেন রিজভী। আয়োজকরা জানান, এরই মধ্যে জিয়া পরিবারের উদ্যোগে দেশের ২৮টি জেলার দেড়শ শহীদ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।










