শাটডাউন কর্মসূচির মধ্যে দেশজুড়ে চালানো ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীরা করতে পারে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তিনি বলেন, ‘আমরা কখনো বিশ্বাস করি না যে এ ধরনের ধ্বংসযজ্ঞ শিক্ষার্থীরা করেছে। আমরা মনে করি শিক্ষার্থীরা এমন কাজ করতে পারে না।’ 

গতকাল রাজধানীর কয়েকটি এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আসাদগেট আড়ংয়ের সামনে তিনি এমন মন্তব্য করেন।

এম ইমরান হামিদ বলেন, ‘১৯ জুলাই থেকে সরকারের নির্দেশে শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য আমরা মাঠে অবস্থান করছি। দেশের অনেক সম্পদ দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়েছে, ধ্বংস করেছে। তবে আমরা মনে করি শিক্ষার্থীরা এমন কাজ করতে পারে না। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন বেশ কয়েকটি এলাকা আমরা পরিদর্শন করেছি। কথা বলেছি ভুক্তভোগীদের সঙ্গে। ওনারাও কেউ বিশ্বাস করতে চান না যে এ ধরনের নাশকতা শিক্ষার্থীরা চালাতে পারে। যারা দেশের ভালো চায় না, তারাই এ কাজ করেছে। সেজন্যই দেশের সম্পদ রক্ষায় আমরা নিয়োজিত হয়েছি।’ 

সহিংসতাকে নির্মূল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী প্রধানের নির্দেশে এ সহিংসতাকে নির্মূল করতে যা করা দরকার, সেনাবাহিনী সেটা করবে। এখন সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জনগণকে ধন্যবাদ জানাই। তারা করফিউ যথাযথ মেনে চলেছে। সেনাবাহিনীকে সহযোগিতা করবে। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষ পেশাদার বাহিনী। আমরা এখানে এসেছি জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে, দুর্বৃত্তদের নির্মূল করতে। সেটি আমরা যথাযথ করতে সক্ষম হব বলে আশা করি। আমরা এ সংহিসতা দমাতে পারব বলে মনে করি।’

তিনি আরো বলেন, ‘কিছু কিছু দুর্বৃত্ত এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেনাসহ পুলিশ, র‌্যাব, বিজিবি আমরা সবাই সমন্বিতভাবে চিরুনি অভিযান পরিচালনা করছি। দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আইতায় আনার জন্য এ অভিযান চলমান আছে। এরই মধ্যে বেশকিছু দুর্বৃত্তকে আটক করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের নির্দেশে সেনাবাহিনী আবার ব্যারাকে ফিরে যাবে।’