সরকার অনেককে ডিঙিয়েই আজিজ আহমেদকে সেনাপ্রধান করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘‌আজ যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশনপ্রাপ্ত। নয়জনকে স্যাংশন দিয়েছে বেনজীরসহ। এই হচ্ছে এ সরকারের অবস্থা। অনেককে ডিঙিয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে সেনাপ্রধান করা হয়েছে। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবু তাকে আর্মি চিফ করা হয়েছিল।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‌১৫ বছর ধরে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করেছে। এ শাসন তারা করছে ভিন্ন পন্থায়। তারা একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মসনদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজ যারা বিরোধী কথা বলে তাদের তুলে নিয়ে যায়। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ভয়ংকর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, সাদা চামড়ার লোকেরা এখানে এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজ আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সামনে এটার প্রকৃত ব্যাখ্যা করা।