জেলার কাশিয়ানীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কলসি ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করেছে। গতকাল সকালে তাদের গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামে দেলোয়ার হোসেন দুলু সরদার ও এসএম আবু বক্কার সরদারের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









