নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী ও নারায়ণগঞ্জে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নরসিংদী: সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস গতকাল ভোর ৪টায় নরসিংদীর পলাশ উপজেলার ভাগদী কদমতলায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ড ভ্যানচালক মো. শহিদ মিয়া মারা যান। গুরুতর আহত হন আরো আটজন। তাদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বাড়িই কিশোরগঞ্জ বলে জানা গেছে।
পলাশ থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী: বাসের ধাক্কায় খালেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ ও তার শ্বশুর জবেদ আলী মিয়া (৬৫) নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা ছোট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের প্রতিবেশী পপি বেগম জানান, ওই গৃহবধূ তার শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় রাজবাড়ী শহরে যাচ্ছিলেন। এ সময় রাবেয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সড়কের ওপর পড়ে যান ওই নারী। তাকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতাবস্থায় জবেদ আলী মিয়াকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ: ফতুল্লায় ট্রাকের ধাক্কায় মো. শাহিন (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে ফতুল্লার মুক্তারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন ফতুল্লা থানার পূর্ব গোপালনগরের নুরুল আমিনের ছেলে।
নিহতের ভাই মো. সাইদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে মুক্তারপুর এলাকায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মো. শাহিন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে শাহিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।









