তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) তার ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে। তার এ সফরের লক্ষ্য, যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম।
তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রীর শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হবে। সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করবেন তিনি।
সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন শেরিং তোবগে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তোবগে তখনই তা আন্তরিকভাবে গ্রহণ করেন।










