চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা লেগে পিকআপের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর রামপুরা, মাদারীপুর, ময়মনসিংহ ও নড়াইলে আরো চারজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

চট্টগ্রাম: কয়েকজন ব্যবসায়ী সীতাকুণ্ড থেকে পিকআপে করে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। পিকআপটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরীর সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান। আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন রনি দাস (২৫), আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), জুয়েল দাস ও মো. সোহাগ। আহতরা হলেন সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ। তাদের সবার বাড়ি সীতাকুণ্ডে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‘রাস্তার পাশে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুজন মারা যান। পিকআপটি কীভাবে ধাক্কা দিল সেটি বোঝা যায়নি। সম্ভবত চালকের ঘুম চলে আসতে পারে কিংবা গাড়ির কোনো সমস্যা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঢাকা: রাজধানীর রামপুরা ব্রিজের ওপর লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী ইকবাল বলেন, ‘আমরা দুজন প্রভিটা গ্রুপে কর্মরত আছি। সকালে রামপুরা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হন নাজমুল। পরে পুলিশের সহায়তায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মাদারীপুর: জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুর রহমান (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাঁশকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি পঞ্চগ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার উদ্দিন (৬০) উপজেলার নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। আহত হানিফ মিয়া (৫০) ভুবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের নরুল ইসলামের ছেলে।

হালুয়াঘাট থানা পুলিশ জানায়, দুপুরে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাট থেকে যাত্রা করে। কলাবাগান এলাকায় বাসটির সঙ্গে একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মুক্তার উদ্দিন মারা যান। ইজিবাইকটি নড়াইল ইউনিয়নের ইটাখোলা মোড় থেকে আসছিল।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়। বাসচালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

নড়াইল: জেলার লোহাগড়ায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা বেগম টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে।