নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম মাসুদ জানান, গতকাল সকালে রাজশাহী থেকে বালিভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে সামনে থাকা অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঝিনাইদহগামী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক মো. শাহীন হোসেন (২৮) ও হেলপার মো. জসিম (২৬) মারা যান। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চালক শাহীন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইগ্রাম ও মো. জসিম একই উপজেলার অচিন্তপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ট্রাকচাপায় মরিয়ম বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ইসলামিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম বেগম উপজেলার উত্তর মাদার্শা রহমতঘোনার আলা মিয়ার মেয়ে।
মরিয়ম বেগমের ভাতিজা আবু রেজা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী সদরে বোনের বাড়ি যাচ্ছিলেন মরিয়ম বেগম। রাস্তা পারাপারের সময় হাটহাজারী অভিমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।










