দেশের
বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মিরসরাইয়ে
এক বিএনপি নেতা এবং চাঁপাইনবাবগঞ্জ ও যশোরে একজন করে নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই)
বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায়
এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম কামরুল আলম (৩৮)। শুক্রবার (১২ জুলাই) সকাল
সাড়ে ৮টায় বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন
বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক
আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পূর্ব পোল মোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে
ছেড়ে আসা এশিয়া পরিবহনের বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এরপর গাড়ি দুটি
মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এ সময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা কামরুল
আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে ছেলের
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গোলাপী
বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার
নরেন্দ্রপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
সদর থানার ওসি মো. মেহেদী হাসান বিষয়টির
সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসাইকেলের
পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিলেন। নরেন্দ্রপুর ইটভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে
তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের বাঘারপাড়ায় বেপরোয়া গতির ট্রাকের
চাপায় মোহাম্মদ সিদ্দিক (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুরের সাবেক সাঈদ
চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সিদ্দিক দক্ষিণ শ্রীরামপুর
গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ
(৪৮) ও কবির হোসেন (৩৫)। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে
৮টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার জন্য বাড়ির সামনে মহাসড়কে
উঠতেই নড়াইল থেকে যশোরগামী একটি বেপরোয়া গতির ট্রাক সড়কের পাশে থাকা জেলেদের চাপা দিয়ে
সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোহাম্মদ সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত
হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের
দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিম আলী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা
গেছেন। স্থানীয়রা আহত চারজনকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।










