কক্সবাজার শহরে ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির পর ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুজন। গতকাল সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)। কায়সার গ্রিন লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী।

প্রত্যক্ষদর্শী শামসুল আলম ও নিহতদের স্বজন খোরশেদ জানান, ব্যাডমিন্টন খেলায় স্থানীয়দের সঙ্গে দুজনের তর্কাতর্কি হয়। পরে কয়েকজন তাদের ওপর হামলা চালায়।

এ সময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুফিজ নামের আরও একজন আহত হয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের কারণে মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা।

তিনি বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।