রাজধানীর যাত্রাবাড়ীতে ওভার ব্রিজের নিচে আড়তের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আশীষ মাগুরা সদরের পাতুড়িয়া গ্রামের অমল জোয়ারদারের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ আল আমিন জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে দু–তিনজন ছিনতাইকারী আশীষ জোয়াদ্দারের পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।










