চট্টগ্রামে দেশীয় বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি অভিযোগে ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।
শনিবার (১৫ মার্চ) নগরীর রিয়াজউদ্দিন বাজারে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ ও ‘পরিস্থান’ নামের প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে পাঞ্জাবি বিক্রি করে আসছে। দেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো। এমনকি দেশী-বিদেশী কোনো প্রতিষ্ঠানের ক্রয় ভাউচার দেখাতে পারেনি মালিকপক্ষ।
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সঙ্গে প্রতারণা করায় সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ২ লাখ টাকা এবং পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।










