ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো ৩২৫ টি ভোটকেন্দ্রে নাই বিদ্যুৎ। এক্ষেত্রে এসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো ইসির এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। উক্ত ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। এতে আরো বলা হয়, ৩২৫টি ভোটকেন্দ্রের মধ্যে যেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব সেসকল ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় গোপন বুথের সংখ্যা বৃদ্ধি করবে সংস্থাটি।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ রোববার।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।










