ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত
শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়
(রাবি) ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে ৫ দফা দাবি জানান কোটা সংস্কার আন্দোলনকারী
শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ দাবির মুখে চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র
রাজনীতি আপাতত স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
গোলাম সাব্বির সাত্তার।
বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সাধারণ
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এর আগে দুপুর ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম
প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় হল প্রশাসনের
কাছে পাঁচ দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি
দল উপচার্যের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেন। এ সময় চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে
না আসা পর্যন্ত রাবি ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি
থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এছাড়াও
সরকার থেকে আগামীকাল বাংলাদেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসছে।
আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা
বাতিল করতে হলে ইউজিসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন
তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে
না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করছি।










