নওগাঁয় কারা হেফাজতে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ওই হাজতিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান
হারিয়ে ফেলেন ওই হাজতি।
বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির
উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে তিনি মাদক মামলায় কারাগারে ছিলেন।
নওগাঁর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, রাতে বাদশাহ স্বাভাবিক ছিলেন। সবার সঙ্গে গল্পে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে রাতেই তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর জরুরি বিভাগে ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত্যুটি স্বাভাবিক দাবি করে তিনি বলেন, এ নিয়ে তিনবার মাদক মামলায়
কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা
করছি। তাকে জরুরি চিকিৎসা দেয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিল না।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল
চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের
চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।









