পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পাঁচ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন উদ্ধার করা হয়েছে। এর মাথা ও পিঠের অংশে চামড়া উঠে গেছে। গতকাল দুপুরে কুয়াকাটার গঙ্গামতী এলাকার ৩৩ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।
কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে স্থানীয়রা দেখতে পান। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জেনেছেন, এটি সকালে জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে বিষয়টি তাদের টিম লিডারকে জানান।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করছে গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ। এ বিষয়ে ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এ ডলফিনটি ভেসে এল। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘বিষয়টি বন বিভাগকে জানিয়ে নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি। উপকূলীয় এলাকাজুড়ে আমরা ডলফিন নিয়ে কাজ করছি। চলতি বছর এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন।’










