দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড শীতে কষ্টে দিননিপাত করছেন স্থানীয়রা। চলতি মাসের শেষ নাগাদ অঞ্চলটিতে মাঝারি থেকে তীব্র শীত নামার আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।
আজ সোমবার স্থানীয় আবহওয়া বিভাগের একটি সূত্র জানায়, জেলায় গত সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছেন পারদ। আজ সকাল নয়টার দিকেও ৮ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের কথা জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কেটে গেলেও হিম শীতল বাতাসে জনজীবনে ভোগান্তি বেড়েছে। নিম্ন আয়ের মানুষরা কাজহীন, কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে ও রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে তাদের।
তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত দুদিন থেকে তাপমাত্রা নিচের দিকে নামছে। তিন থেকে চার নটিকেল মাইল বেগে প্রতি ঘণ্টায় বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের আদ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ । দিনের মধ্যভাগে বাতাসের আদ্রতা থাকে ৩৫ থেকে ৪০ শতাংশ।
গতকাল রোববার জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত দশদিন ধরে ২৬ থেকে ২৭ ডিগ্রির ঘরে রয়েছে বলেও তিনি জানান।









