মানিকগঞ্জে স্বর্ণ পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের উপস্থিতিতে গতকাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ইয়াহিয়া আমিন, শেখ আমিনুর রহমান, মো. মনিরুজ্জামান রনি, শেখ জাহিদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম তারেক। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর মুন্সীগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর ঢাকা থেকে স্বর্ণ নিয়ে বেনাপোল যাচ্ছিলেন চোরাকারবারিরা। খবর পেয়ে র‍্যাবের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। বেলা ১১টার দিকে চেকপোস্টের সামনে বেনাপোলগামী একটি বাস থামিয়ে তল্লাশির সময় পাঁচ যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ছিল প্রায় ৪৪ কেজি। জব্দকৃত স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরদিন ৫ অক্টোবর এ ঘটনায় মামলা দিয়ে আটক পাঁচজনকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল বিচারক এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি মধুরনাথ সরকার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা।