মানিকগঞ্জের
পাটুরিয়া ঘাটে
ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করা জেনুইন এন্টারপ্রাইজের সবগুলো
বার্জ উইন্স ঘাটে পৌঁছেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আজ সোমবার বিকেলের মধ্যে ফেরিটি নদী থেকে তুলে
ফেলা সম্ভব হবে।
উদ্ধারকাজে
নিয়োজিত নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ বণিক বার্তাকে বলেন, সকাল থেকে কাজ শুরু হয়েছে। ডুবে যাওয়া ফেরিটিকে
সোজা করে ফেলা হয়েছে। আজকের মধ্যে ফেরিটি পুরোপুরি তুলে ফেলা সম্ভব হবে বলে আশা করছি।
বাংলাদেশ
অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক
ফজলুর রহমান বণিক বার্তাকে জানান, ৫টি বার্জ উইন্স
দিয়ে মোটা তার লাগিয়ে কাজ শুরু হয়েছে। মাটির তলদেশের কাজ গত ৪ দিন ধরে শেষ করা
হয়েছে। আজ বিকেল নাগাদ ফেরি উদ্ধার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের
(বিআইডব্লিউটিসি) কাছে বুঝিয়ে দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেনুইন
এন্টারপ্রাইজের পরিচালক ইয়ার মোহাম্মদ বলেন,
ফেরি তোলার কাজ জোরেশোরে চলছে। কাজে কিছু বিঘ্ন ঘটলেও তা কেটে গেছে। আশা করা
যাচ্ছে আজকের মধ্যে ফেরিটি তুলে ফেলা সম্ভব হবে।
এর আগে গত শুক্রবার সকাল ৯টা থেকে কাজ শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জলযান স্যালভেইজ উইন্স বার্জ মোহাম্মদ-২। তার আগে উদ্ধারকারী জলযান হামজা ও রুস্তম ফেরি তোলার চেষ্টা করেছিল। তবে, জাহাজ দুটি ব্যর্থ হয়। গত ২৭ অক্টোবর যান্ত্রিক ত্রুটি নিয়ে পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ।









