বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মুইজ্জু তার বার্তায় বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বলেন, বিগত ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দেশের জনগণের আস্থার প্রতিফলন।

প্রেসিডেন্ট মুইজ্জু আরো বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে এবং আগামী দিনগুলোতে দুই দেশ আরো ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে। বার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে রাষ্ট্রপতি মুইজ্জুর উষ্ণ অভিনন্দন ও বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।

হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ-মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি রাষ্ট্রপতি মুইজ্জুর স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।

বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে তার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।