চুয়াডাঙ্গায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪০ জনের কভিড শনাক্ত হয়েছে। একই সময়ে কভিডে আক্রান্ত হয়ে ৩ জন এবং ভাইরাসজনিত উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্তে মারা গেছে ১১৯ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার শুকুর আলী (৬০), সদর উপজেলার জামেলা খাতুন (৫০) ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডাভোকেট আলমগীর হোসেন (৬৫)।
অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- সদর উপজেলার নুহু নবী (২৫), দামুড়হুদার সেলিম উদ্দীনের স্ত্রী নুরজাহান (৫০), জীবননগর উপজেলার সিরাজুল ইসলাম (৬১) ও মফিজুল ইসলাম (৬৪), আলমডাঙ্গা উপজেলার আমিরন নেছা (৭০), জহির উদ্দীন (৭০), আজিম উদ্দীন (৬৫), করিম উদ্দীন মৃধা (৬৫) এবং চামেলি খাতুন (৫৫)।
সদর হাসপাতাল সূত্র জানায়, নতুন করে আক্রান্ত ১৪০ জনের মধ্যে সদর উপজেলার ৪৪ জন, আলমডাঙ্গার ২১ জন, দামুড়হুদার ১৮ জন ও জীবননগরের ৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৬ জন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৪৭৯ জন। তার মধ্যে বাড়িতে ১ হাজার ৩৪১ জন ও হাসপাতালে আছে ১৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন জেলায় ১১৯ জন ও রেফার রোগী ১৬ জন ।
উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় ছড়ানো করোনাভাইরাসে ভারতীয় ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে। এই ধরনটি সংক্রমিত হয়ে ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করায় মানুষের দ্রুত মৃত্যু হচ্ছে।










