বান্দরবানে সাঙ্গু নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ভাইবোন আহনাফ আকিব (২২) ও মারিয়াম বিনতে আদনিনের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা দেড়টায় ডুবুরিরা আহনাফের মরদেহটি উদ্ধার করে। এর আগে সকাল ৯টার দিকে তারাছা এলাকায় ঘটনাস্থল থেকে বোন মারিয়ামের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আহনাফ আকিব ও মারিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলেমেয়ে।
শুক্রবার সকালে মারিয়াম, আহনাফ ও তাদের মামাতো বোন ফারিয়া ইসলামসহ ১০ জন জেলা শহর থেকে ইঞ্জিনচালিত নৌকায় সাঙ্গু নদের উজানে বেড়াতে আসেন। বিকালের দিকে নদের লেমুঝিরি এলাকায় নদে গোসল করতে নামেন ফারিয়া। এ সময় গভীর পানিতে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধার করতে গিয়ে আহনাফ ও মারিয়াম এগিয়ে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফারিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে ও দুপুরে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানান, সাঙ্গু নদে নিখোঁজ থাকা পর্যটক ভাইবোনের মরদেহ গতকাল উদ্ধার করেছে ডুবুরিরা। মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলটি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান।









