সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ-২০২৩ এর তৃতীয় গ্রুপের (ঢাকা
ও চট্টগ্রাম বিভাগ) লিখিত পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
এ নিয়োগ পরীক্ষা সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ
জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে
হবে।
প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র
ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য
৩য় গ্রুপের পরীক্ষার জন্য প্রার্থীরা ২৩ মার্চ
থেকে এসএসসি-এর রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে
রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের
অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্ট
কার্ড) সঙ্গে আনতে হবে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরণের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতীত কোনো প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্যকোনো কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী এসব নিয়ে কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ সংশ্লিষ্টের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।










