ঈদের ছুটিতে ১১ জেলায় পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জে চার; জামালপুর ও নাটোরে দুইজন করে এবং যশোর, ঝালকাঠি, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, বগুড়া, টাঙ্গাইল ও মৌলভীবাজারে একজন করে প্রাণ হারিয়েছে। মৃতদের বেশিরভাগই শিশু। জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

মুন্সিগঞ্জ : টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন আরিফ আহমেদ (১৬), তার বাবা রিয়াদ আহমেদ (৪৫) ও খালু জুয়েল রানা (৪০)। গতকাল শুক্রবার বিকালে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে রাত পৌনে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিল আরিফ। আজ তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

এদিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ওযু করার সময় পা পিছলে পানিতে ডুবে প্রাণ হারান মালয়েশিয়া প্রবাসী সুলতান সরদার (৪০)। শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নেত্রাবতী বটতলা জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঈদ করতে দেশে এসেছিলেন তিনি।

জামালপুর: ইসলামপুর উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মিনহাজ (৯) ও মিনাল (৭)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নে জারুল তলা গ্রামের আজহার আলীর সন্তান। 

নাটোর: সিংড়া উপজেলায় পুকুরে ডুবে সাত বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) উপজেলার ঢাকঢোর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে সুরাইয়া খাতুন ও তার মামাতো বোন সুরাইয়া ফাতেমা। 

ফেনী: সোনাগাজীতে পুকুরের ঘাটলা থেকে পা পিছলে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ–পূর্ব চর চান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম মহি উদ্দিন। সে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ–পূর্ব চর চান্দিয়া এলাকার মো. লিটনের ছেলে। 

যশোর: মনিরামপুরে পুকুরে ডুবে মাহমুদুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা মিস্ত্রিপাড়ায় শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ একই উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে। ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৌলভীবাজার: রাজনগর উপজেলায় পুকুরে ডুবে রাজিদুল ইসলাম (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাজিদুল ইসলাম মুন্সিবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। 

টাঙ্গাইল: ঈদের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়ে কালিহাতীর পৌলী নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার পৌলী নদীর আকুয়া অংশে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন (১৯) সদর উপজেলার সুরুজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাতীহাটি সাহেদ হাজারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

বগুড়া: বাঙালি নদীতে গোসলে নেমে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বুধবার (১০ এপ্রিল) বিকালে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম নাফিসা আকতার। সে ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

কুড়িগ্রাম: টিকটকের ভিডিও বানাতে গিয়ে রাজারহাটে তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর জন্য নদীতে গোসল করতে নেমেছিল। 

লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে জিগারঘাট এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার জিগারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাওহীদ ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। 

ঝালকাঠি: নলছিটি পৌর এলাকার বৈচন্ডী গ্রামে আজ শনিবার জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদ্রাসাছাত্র পানিতে ডুবে মারা গেছে। জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর ছেলে ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। 

গাইবান্ধা: পলাশবাড়ীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে সনি মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপড় এলাকায় এ ঘটনা ঘটে। সনি মিয়া ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।