দেশের তিন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে দুজন, রাঙ্গামাটিতে দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ঝিনাইদহ: মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান (২৮)।

মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিহুদা গ্রাম থেকে ইজিবাইকচালক জিসান মোটরসাইকেলে পাশের লেবুতলা গ্রামে যাচ্ছিলেন। পথে সস্তার বাজারে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আলী হোসেন নামে আরেকজন।

মেহেরপুর: গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন মোটরসাইকেল আরোহী শিশিরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে রানা (১৫), শরিফুল ইসলামের ছেলে শান্ত (১৫) ও ইজিবাইকের যাত্রী রায়পুর গ্রামের পটলের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫)।

রাঙ্গামাটি: কাউখালী উপজেলার ঘাগড়া-বরইছড়ি সড়কের একটি সেতুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বগাপাড়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নির্মাণকাজে নিয়োজিত ১৬-১৮ শ্রমিক রাঙ্গামাটি ফিরছিলেন। পথে বগাপাড়া সেতুর ওপর ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত শ্রমিকদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহেদ ইকবাল জানান, সড়ক দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ১৫ জনকে আনা হয়েছে।