রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারো মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩ ছিল। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে।

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

তারও আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সে ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।