দেশের হাম ও ডেঙ্গু পরিস্থিতি এবং এসব রোগ মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলকে অবহিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

গতকাল ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করেন মন্ত্রী ও প্রতিনিধি দলের সদস্যরা।

এ সময় যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেলসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।