ইসলামে নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে আলোচনা এবং বিভিন্ন দেশের সর্বোত্তম চর্চাগুলো তুলে ধরতে আগামী বছরের শুরুতে একটি বৈশ্বিক সম্মেলন যৌথভাবে আয়োজন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ এবং তুরস্কের সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতাশ-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এই সম্মেলনে মুসলিম বিশ্বের প্রখ্যাত পণ্ডিত, গবেষক এবং নারী অধিকার এগিয়ে নিতে সফল দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত আদান-প্রদান জোরদার করার পাশাপাশি সেবা অর্থনীতি এবং সামাজিক সেবার ক্ষেত্রে উচ্চমানের সহযোগিতা স্থাপনেও একমত পোষণ করে।
উপদেষ্টা শারমীন মুরশিদ জানান, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারে কাজ করার জন্য পেশাদার নারী পরিচর্যাকারী তৈরি করতে বাংলাদেশ সরকারকে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি কর্মসূচিতে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উভয় দেশই নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন (সিডৌ)-এ স্বাক্ষরকারী হওয়ায় মুসলিম সমাজে নারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং অর্জনগুলো বিনিময়ে সম্মত হয়েছে।










