বাংলাদেশ পুলিশকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ইন্টারন্যাশনাল পুলিশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (আইপিআরআইসি) উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট‌‌‌ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। স্মার্ট পুলিশিং গড়ার ক্ষেত্রে আইপিআরআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইপিআরআইসি গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে, যা বাংলাদেশ পুলিশের ক্রমাগত শিক্ষা ও অভিযোজনে পথ দেখাবে।’