বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাটোর ও কুমিল্লায় আরো তিনজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
বগুড়া: দুই বন্ধু মো. পলাশ (৩৪) ও আপেল (৩৩) মোটরসাইকেলে নাটোরে যাচ্ছিলেন। পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজ নামক স্থানে বালিবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। নিহত পলাশ (৩৪) শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের মো. মানিকের ছেলে এবং আপেল রামকৃষ্ণ আশ্রম এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তারা দুজনই কাপড়ের ব্যবসা করতেন।
নাটোর: জেলার বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—শফিকুল ইসলাম (২৮) ও উৎসব দত্ত (৫৪)। তারা ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস রাজশাহীতে আসছিল। বাসটি বড়াইগ্রামের রেজুরমোড়ে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া পাঁচজনকে আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে ওসি মো. ইসমাইল হোসেন জানান, ট্রাকটি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে গাড়ির ধাক্কায় মাহমুদুর রহমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান যশোরের চৌগাছা থানার মডেলপাড়া গ্রামের মৃত মাহাবুবুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার থানার উপপরিদর্শক মহরম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান ফেনীর সোনাগাজীতে মার্কেটিং অফিসারের দায়িত্বে ছিলেন। গতকাল কুমিল্লা থেকে মোটরসাইকেলে সোনাগাজীর ফিরছিলেন। এ সময় একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।










