সরকার নাগরিক সেবাপ্রাপ্তি সহজ করতে আলাদা পরিচয়পত্রের বদলে জাতীয়ভাবে একটি ‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ।
গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত ‘ওয়ান কার্ড’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ‘ওয়ান কার্ড’ উদ্যোগ জাতীয় পর্যায়ে একটি সমন্বিত পরিচয়পত্র চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।’
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের আগে পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যকারিতা যাচাই করা জরুরি। এর মাধ্যমে উদ্যোগটির বাস্তব প্রয়োগ, সীমাবদ্ধতা ও ঘাটতি চিহ্নিত করা যায়। পরে প্রয়োজনীয় পরিমার্জন করে তা বৃহত্তর পরিসরে চালু করা সম্ভব হয়। ইউএপি “ওয়ান কার্ড”-এর মাধ্যমে একটি প্রশংসনীয় কাজ শুরু করেছে। প্রথমে একটি বিভাগে এর প্রয়োগ দেখে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা চালু করা যেতে পারে।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি কাজের জন্য আলাদা কার্ড না রেখে একটি ইউনিক আইডির মাধ্যমেই নাগরিকদের সব সেবা দেয়ার পরিকল্পনা করছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে ইউএপির এ পাইলট প্রকল্পের অভিজ্ঞতা কাজে আসবে।’
ইউএপি কর্তৃপক্ষের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পাইলট প্রকল্পের মাধ্যমে সম্ভাবনা ও সীমাবদ্ধতা যাচাই করে কাজ করলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সহজ হয়। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সমন্বিত পরিচয় ব্যবস্থা গড়ে তুলতে ইউএপির এ উদ্যোগ বেশ সহায় হবে।’










