দেশে হামের উপসর্গে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ ও হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন ও সিলেটে চারজন মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৭৭ জনের শরীরে। আর ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। আর এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ রোগী মারা গেছে ঢাকায়। বরিশাল বিভাগে মারা গেছে ১৯ জন। এছাড়া চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন প্রাণ হারিয়েছে। সন্দেহজনক হামে মৃত্যুতেও ঢাকা বিভাগ এগিয়ে, মারা গেছে ৪১৯ জন। এছাড়া সিলেটে ১৬১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুরে ১৪ জন প্রাণ হারিয়েছে।