আন্দোলনরত শিক্ষার্থীদের ভুল পথে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যা করছে, আমার মনে হয়, না বুঝেই করছে। এটা পরিষ্কার যে আদালত বলেছেন, এ বিষয়ে আগামী ৮ আগস্ট শুনানি হবে। আদালত তাদেরও (শিক্ষার্থীদের) অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু এগুলো না করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছে। সব কিছুই এখন বিচার বিভাগের হাতে। আমাদের হাতে আর কিছুই নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করবো।

আন্দোলনের উসকানিদাতাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উসকানি দিয়েছে, কারা দায়ী—সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করা হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।

এ সময় আন্দোলনের মধ্যে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলাটির তদন্তে মেরিট থাকলে বিচার শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মামলা তুলে নেয়ার জন্য আন্দোলনকারীদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। তদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন—কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিট থাকে, তবে বিচার শুরু হবে।