পঞ্চগড়ে আসাদুজ্জামান পায়েল হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ মো. এসএম রেজাউল বারী এ আদেশ দেন। একই দিনে নারায়ণগঞ্জে শাহীন আলম নামে এক সেনা সদস্য হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। এ মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। তাদের মধ্যে একজন পলাতক।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে পটুয়াখালীতে কর্মরত শাহীন আলম সাতদিনের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুরে যাচ্ছিলেন। রাত হওয়ায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে বন্ধু ফারহান হাবিবের বাসায় যাচ্ছিলেন। এ সময় মৌচাক এলাকায় ছিনতাইকারী জীবন, সুমন ও জুম্মন তার গতিরোধ করে। ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন, মিজমিজি বাতানপাড়ার শওকত আলীর ছেলে সুমন মিয়া ও একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া। তাদের মধ্যে সুমন মিয়া পলাতক।
অন্যদিকে ২০১৫ সালের ১৮ জুন আসাদুজ্জামান পায়েল পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেউনিয়া বাজারে যান। পরদিন বলরামপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২২ জুন দেবীগঞ্জ থানায় মামলা করেন পায়েলের বাবা সুলতান। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ মো. এসএম রেজাউল বারী এ মামলায় রায় ঘোষণা করেন।










