কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল দুপুর ১২টার পর তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজে যোগ দিয়েছেন। এর আগে মঙ্গলবার বেলা ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের সঙ্গে হাসপাতালটির পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সীমান্ত মজুমদার বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। বেলা ৩টা থেকে আমরা নির্ধারিত শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছি।’

কর্মসূচি প্রত্যাহারের পর ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি। এছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু পরিবর্তনসহ বেশকিছু বিষয় নিয়ে আমরা কাজ করব।’

উল্লেখ্য, ২১ আগস্ট এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মারধর করেন বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। এ ঘটনায় থানায় মামলা হলে মারা যাওয়া রোগীর তিন ছেলেসহ চারজনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।