স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও মন্ত্রণালয়ের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

আলোচনায় দুই পক্ষ জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসা-বিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যান্সার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্য জনগণ-কেন্দ্রিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

এছাড়া দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলোর ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআই-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাব নিয়েও আলোচনা করেন।