লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আবারো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বরিশালের বিভিন্ন জায়গা থেকে
স্কুল-কলেজের কয়েকশত শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করে এ আন্দোলনে যোগ দেন।
বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টা ৪৫ মিনিটে আন্দোলনকারীরা প্রথমে হল থেকে
শিক্ষার্থীদের জড়ো করেন। এ সময় হলের প্রাধ্যক্ষদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায়
তাদের। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মহাড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টায়ও অবরোধ চলছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ
ও ছাত্রলীগের হামলার প্রতিবাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহাসড়ক অবরোধ করা
হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান।
কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটির অন্যতম
সদস্য সুজয় শুভ বলেন, আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই সারা বাংলাদেশে যখন শিক্ষার্থীরা
একটা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছিল তখন শিক্ষার্থীদের ওপর বাংলাদেশের পুলিশসহ ক্ষমতাসীন
ছাত্র সংগঠন যে অত্যাচার করেছে সেটা খুবই ন্যাক্কারজনক এবং শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক
পরিবেশ এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তিনি বলেন, পুলিশি হামলার আশঙ্কা আমাদের আছে। আমরা আমাদের দাবিটাকে
যৌক্তিক মনে করি এবং আমাদের যে ভাইয়েরা রাস্তায় জীবন দিয়েছে এ সবগুলো খুনের বদলা
আমরা রাজপথে নিতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত
আমরা রাজপথে থাকব। তাতে পুলিশসহ আরো যত হুমকি আসুক আমাদের দেখতে সমস্যা নেই।










