রাজধানী ঢাকার পাইকারি বাজারগুলোয় শাকসবজি, কাঁচামরিচের সরবরাহ থাকলেও ক্রেতা না থাকায় বিক্রেতাদের মুখে হতাশার ছাপ দেখা যায়। গতকাল রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, ঝুঁকি নিয়ে পণ্য আনলেও তারা ক্রেতা পাচ্ছেন না। শাকসবজি পচনশীল হওয়ার কারণে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা যায়, কারফিউর কারণে পণ্যবাহী গাড়ি ঢাকায় প্রবেশ করতে আগের তুলনায় কমপক্ষে ৫-১০ হাজার টাকা বেশি খরচ হচ্ছে। বাজারে শাকসবজির সংকট থাকায় ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যেও পণ্য বাজারে নিয়ে আসছেন। কিন্তু ক্রেতা সংকটের কারণে তা বিক্রি হচ্ছে না। ফলে শাকসবজি, মরিচ, গাজর, শসা, পটল ও টমেটোসহ অন্যান্য সবজি পচে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বণিক বার্তার সঙ্গে একাধিক ব্যবসায়ীর কথা হয়। আজিম নামে এক গাজর ব্যবসায়ী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ক্রেতা হলো বিভিন্ন হোটেল ব্যবসায়ী। কারফিউর কারণে হোটেল বন্ধ, তাই আমাদের কাছে পণ্য মজুদ থাকা সত্ত্বেও আমরা সরবরাহ করতে পারছি না। বাধ্য হয়ে খুচরা ক্রেতাদের কাছে লোকসানে পণ্য বিক্রি করে দিচ্ছি।’










