দেশবাসীকে আসন্ন নির্বাচনে ১০ দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বাংলাদেশের ইতিহাসের দুই জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও গত ডিসেম্বরে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ প্রচার শুরু করে তিনি এ আহ্বান জানান।

কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির সমাধিসৌধের সামনে থেকে আজ বেলা পৌনে একটার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক পদযাত্রা বের করে এনসিপি। পদযাত্রাটি শাহবাগ মোড় হয়ে রমনা পার্কের সামনের সড়ক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে এই পদযাত্রায় ছিলেন দলের মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, ঢাকা-৯ আসনে দলের প্রার্থী জাবেদ রাসিন, ঢাকা-২০ আসনের প্রার্থী নাবিলা তাসনিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ফরহাদ সোহেলসহ অনেকে।

১০-দলীয় ঐক্যের নেতৃত্ব দেয়া জামায়াতে ইসলামীর পল্টন থানা শাখার আমির শাহিন আহমেদ খান, শাহবাগ থানা শাখার আমির আহসান হাবিবসহ দলটির কিছু নেতা-কর্মীও এ সময় উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, দুই নেতা, কাজী নজরুল ও শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তারা তাঁদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন। দুই জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহারাওয়ার্দীকে স্মরণের মাধ্যমে তাঁদের এই নির্বাচনী যাত্রা শুরু হলো। এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। এ বাংলাদেশের অন্যতম স্থপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। জমিদারিব্যবস্থার বিরুদ্ধে শেরে বাংলা এ কে ফজলুল হক লড়াই-সংগ্রাম করেছেন। একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে তারা একটি নতুন বন্দোবস্তের দিকে এগোচ্ছেন। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছেন এই নির্বাচনের মধ্য দিয়ে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমাদের জুলাই সৈনিক, আমাদের জুলাই সিপাহসালার, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদবিরোধী যাত্রা, আজাদীর যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি।...গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরিফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান এজেন্ডা। আমরা চাই, নির্বাচনের আগেই এই মামলার অভিযোগপত্র থেকে শুরু করে সব কার্যক্রম যাতে সম্পন্ন হয়। আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। ওসমান হাদির পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জিয়ারত করে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হবে।’

নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, তারা (ইসি) একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষ আচরণ দাবি করেন তিনি।