রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আমাদের ধারণা বাসায় একা থাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।তবুও ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।