ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং গভীর। এই অংশীদারত্ব প্রাণবন্ত এবং আগামী দিনেও এমনই থাকবে। বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। 

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে 'ইন্ডিয়া আউট ক্যাম্পেইন' চলছে এবং গতি পাচ্ছে, যা মূলত ভারতীয় পণ্য বয়কটের আহ্বান। আর এতে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলের কয়েকজন বিশিষ্ট নেতা। আপনি কি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান? দ্বিতীয়ত, এটি কি বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানির পরিমাণের ওপর কোনো প্রভাব ফেলছে?

জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, আমি বলতে চাই যে ভারত-বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং গভীর। আমাদের একটি বিস্তৃত অংশীদারত্ব রয়েছে যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংযোগ, মানুষে মানুষে বিস্তৃত। এই অংশীদারত্ব প্রাণবন্ত এবং আগামী দিনেও এমনই থাকবে।