বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় বলে দাবি করেন নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকার। ঘটনার ১৩ ঘণ্টা পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১০টার দিকে কুঠিবাড়ীর পানগুছি নদীর চর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ী থেকে মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকার, টাকাসহ ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনার পর স্বর্ণের পরিমাণ ১০০ ভরি বলেছিলেন ওই ব্যবসায়ী।

মিলন কর্মকার জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির রাস্তায় প্রবেশের সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল তার গতিরোধ করে। মোটরসাইকেল থামালে কয়েকজন এসে তাকে মারধর শুরু করে এবং গলা চেপে ধরে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে মৃত ভেবে সবকিছু নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলের সিটের নিচে তিনটি ব্যাগে তার দোকানের ১০০ ভরি এবং শ্যালকের দোকানের ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা ছিল।

এদিকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মোরেলগঞ্জ বাজার জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি অসীম কুমার কর্মকার জানান, এর আগেও বাজারের স্বর্ণ ছিনতাই হয়েছিল। এবার বাড়ির সামনে থেকে এভাবে ছিনতাই হলো।

 এ ঘটনার পর থেকে তারা এক ধরনের আতঙ্কে রয়েছেন। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারের দাবি জানান তিনি।

এদিকে ছিনতাই ঘটনার পর বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।